মুম্বাইকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। রাস্তা এখনও কঠিন, কিন্তু আশা ছাড়তে নারাজ নাইট শিবির। ঘরের মাঠ ইডেনে দুর্দান্ত বোলিং আর ঠান্ডা মাথার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল কেকেআর। এক সময় টানা ছ’টি ম্যাচ হেরে কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে ছিল কলকাতা। এমন পরিস্থিতিতে অনেক সমর্থকই আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে দল। এখন প্রতিটি ম্যাচই তাদের কাছে ‘মরণ-বাঁচন’ লড়াই। মুম্বাইয়ের বিরুদ্ধে জয় সেই লড়াইকে আরও জমিয়ে দিল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক। শুরু থেকেই মুম্বাইয়ের ব্যাটারদের চাপে রাখেন নাইট বোলাররা। পাওয়ার প্লেতেই বড় ধাক্কা খায় মুম্বাই। প্রথম ছ’ওভারে তারা তুলতে পারে মাত্র ৪৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় রান গড়তে পারেনি তারা। কেকেআরের হয়ে দারুণ বোলিং করেন ক্যামেরুন গ্রীন। তিনি ২৩ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মুম্বাইয়ের ব্যাটারদের মধ্যে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে বস ১৮ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলায় কিছুটা লড়াইয়ের জায়গায় পৌঁছয় মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৭ রান। ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেও শুরুটা খুব একটা সহজ ছিল না কেকেআরের। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় কিছুটা চাপ তৈরি হয়। তবে মাঝের ওভারে দলকে ভরসা দেন রাভমান পাওয়েল। গুরুত্বপূর্ণ সময়ে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। হাতে চোট থাকার কারণে এদিন খেলতে পারেননি রঘুবংশী। তার পরিবর্তে সুযোগ পাওয়া মানিশ দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয় কলকাতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এল কেকেআর। প্লে-অফে যাওয়ার আশা এখনও বেঁচে থাকল তাদের। যদিও সমীকরণ এখনও কঠিন, তবুও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে নাইট ব্রিগেড। এখন সব নজর আগামী রবিবারের ম্যাচে। ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে সেই ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’। জিততেই হবে, না হলে শেষ হয়ে যেতে পারে প্লে-অফের স্বপ্ন। তবে মুম্বাইয়ের বিরুদ্ধে এই জয় কেকেআর শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। সমর্থকরাও আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।
সাম্প্রতিক খবর




