সানি রায়: কোচবিহারে নির্বাচনী দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর একাধিক জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাই স্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকা আইটিবিপি-র মোট ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে পড়েন, যাদের মধ্যে বর্তমানে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ভোটের দায়িত্বে এসে ওই স্কুলেই অস্থায়ীভাবে অবস্থান করছিলেন জওয়ানরা। বুধবার খাবার খাওয়ার পর থেকেই কয়েকজনের মধ্যে পেটের সমস্যা, বমি এবং শারীরিক অস্বস্তি দেখা দেয়। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। অসুস্থ সকল জওয়ানকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ধূপগুড়িতে রাজনৈতিক ‘জয়েনিং’ ঘিরে বিতর্ক: একদিন তৃণমূল, পরদিন ফের বিজেপি—কটাক্ষে সরগরম ভোটের মাঠ

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই অসুস্থতা ছড়িয়েছে। ঠিক কোন খাবার বা পানীয় থেকে সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং নমুনা পরীক্ষার সম্ভাবনাও রয়েছে।

নির্বাচনের আগে এই ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত জওয়ানদের অবস্থা আপাতত স্থিতিশীল।




