সাহেনা পারভীন, জলপাইগুড়ি: ভোটের আগে উত্তরবঙ্গে রাজনীতির পারদ চড়ছে। ধূপগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা দেখতে পান, বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা ও পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। এর মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর পতাকা।সকালে ঘটনাটা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। এলাকায় উত্তেজনা বাড়তে থাকলে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।

সেই ফুটেজে দেখা যায়, গভীর রাতে এক ব্যক্তি একের পর এক পতাকা ও পোস্টার খুলে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। ভিডিওটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতা দেবদুলাল ঘোষ বলেন, বিরোধীরা ইচ্ছে করেই এই কাজ করছে। অন্যদিকে BJP-র নেতা চন্দন দত্ত অভিযোগ অস্বীকার করে জানান, তাদের দল এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না।

তবে দোষী যেই হোক, দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।এদিকে, ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি, পুরো বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের আধিকারিকদের একটি বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ভোটের আগে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে।




